শিক্ষা খাতে বিনিয়োগের বিকল্প নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: দেশের প্রতিটি অর্জনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা রয়েছে। সুষ্ঠু সমাজ ব্যবস্থা নির্মাণে শিক্ষা খাতে বিনিয়োগের চেয়ে ভালো কিছু আর হতে পারে না। তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন: আমি বিশ্বাস করি শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত করতে পারে না। আপনাদের হাতেই দেশের ভবিষৎ। বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলেই চলবে না। এখানে শিক্ষক ও পিতামাতাকে ভূমিকা রাখতে হবে। একটি অসাম্প্রদায়িক চেতনার স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেটা যেন অটুট থাকে, বাংলাদেশ যেন ভালো থাকে।
প্রধানমন্ত্রী বলেন: আমরা ক্ষমতায় আসার পর আবার বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বহুমুখী বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছি। যাতে আমাদের ছেলে মেয়েরা বিশ্বের যেকোন জায়গায় গিয়ে মানসম্মত চাকরি করে খেতে পারে। আমরা প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা দিয়েছি।
‘‘৯০ ভাগ জেলায় আমরা ব্রডব্যান্ড, মাল্টিমিডিয়া ক্লাসরুম নির্মাণ ও আমাদের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে সার্বিক সহযোগিতায় শিক্ষার মান উন্নয়নের কাজ করে চলেছি।
২ কোটি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে ১ কোটি ৪০ লাখ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোনের মাধ্যমে বৃত্তি পৌঁছে দিচ্ছি। ঝড়ে পড়া রোধে স্কুলে নানা ভাবে টিফিনের ব্যবস্থা করে দিয়েছি।’’
তিনি বলেন: আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের সময়ে ২০টি বিশ্ববিদ্যালয় হয়েছে। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ছাত্র-ছাত্রীদের পড়ালেখার জন্য আমরা নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে বলেন: দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তের বিষয়ে কয়েক মন্ত্রী ও উপদেষ্টা ছাড়া বাংলাদেশের মানুষ আমার পাশেই ছিলো। বিশ্ব ব্যাংকের সহায়তা ছাড়া নাকি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব নয় বলে আমাকে যখন জানিয়েছিল আমার অর্থমন্ত্রী ও উপদেষ্টা, তখন আমি বলেছিলাম কেন সম্ভব নয়? প্রয়োজনে নকশা পরিবর্তন করে করবো। ঠিক সেসময় আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের মানুষ। নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ করার বাংলাদেশ বিশ্বের কাছে সক্ষমতার প্রমাণ রেখেছে। সূত্র : চ্যানেল আই

No comments