লাওসকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
গ্যালারি ভর্তি হাজারো দর্শকের কণ্ঠে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ শ্লোগান। এমন উৎসবমুখর দিনটাকে আরও রাঙিয়ে দিলেন বিপলু আহমেদ। এই মিডফিল্ডারের গোলেই লাওসকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
সাফের হতাশা কাটিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে দুর্দান্ত কিছু করা প্রত্যয় ছিল বাংলাদেশ দলের। সোমবার আসরের উদ্বোধনী ম্যাচে লাওসের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচে লাওসকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা।
সিলেট জেলা স্টেডিয়াম এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে বিপলু আহমেদ গোলের খাতা খোলেন।
এবছর মার্চে লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যে ম্যাচে প্রথমে ২ গোল হজম করেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে লাল-সবুজের দল। সবমিলে দুই দলের তিনবারের দেখায় এখন সমতা। ১টি করে জয় দুই দলের। অন্য ম্যাচটি ড্র।
‘বি’ গ্রুপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে শক্তিশালি ফিলিপাইনের বিপক্ষে। একই মাঠে শুক্রবার অনুষ্ঠিত হবে ম্যাচটি।

No comments